
মোসফিকা আক্তার, নওগাঁ জেলা প্রতিনিধি
নিরাপদ সড়ক, নির্বিঘ্ন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁর আত্রাই ও রানীনগর এলাকায় নবনির্মিত দুটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে এসব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নবনির্মিত পুলিশ বক্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, আত্রাই ও রানীনগর এলাকার সাধারণ মানুষ যাতে ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধের শিকার না হন, সে জন্য পুলিশের কার্যকর উপস্থিতি জরুরি। একই সঙ্গে সড়কে চলাচলকারী মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে ক্ষেত্রেও পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা যাতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান তিনি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়বে। কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে।
তিনি বলেন, পুলিশ বক্সগুলো অপরাধ প্রতিরোধের পাশাপাশি সড়কে চলাচলকারী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি আরও কার্যকর হবে।
পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তথ্য আদান-প্রদান এবং কোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এসব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।