
পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নকে আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন, কর্মমুখী ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা এরশাদুল করিম। তিনি পেকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পেকুয়া সদর মেহের নামা মোরার পাড়ার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে
তিনি চকরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া সদর পূর্বজোন ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক এবং পেকুয়া সদর পূর্বজোন ছাত্রদলের সাবেক সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, পেকুয়া সদর তাঁর শিকড়। এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-হতাশা ও সম্ভাবনা তিনি কাছ থেকে দেখেছেন। তাই ইউনিয়নকে উন্নত করার পরিকল্পনা তাঁর কাছে সাময়িক নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বরং দীর্ঘদিনের প্রত্যয় ও দায়িত্ববোধের বিষয়।
তিনি জানান, চেয়ারম্যানের পদকে ক্ষমতা বা ব্যক্তিগত সুবিধার মাধ্যম হিসেবে নয়, জনগণের সেবা ও উন্নয়নের দায়িত্ব হিসেবে দেখতে চান। তাঁর পরিকল্পনায় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া এবং অর্থের অভাবে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা হবে।
এরশাদের ১২ দফা পরিকল্পনায় রয়েছে মাদকমুক্ত সমাজ গঠন, প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার প্রসার, কারিগরি শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুব কর্মসংস্থান, কৃষির আধুনিকায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা। পাশাপাশি পিছিয়ে থাকা এলাকার উন্নয়ন, বৃক্ষরোপণ, রাস্তা-সেতু-কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন, নিরাপদ পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা রয়েছে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবী ব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও অঙ্গীকার করেছেন তিনি।
এরশাদ বলেন, চেয়ারম্যানের চেয়ার তাঁর কাছে ক্ষমতার নয়, মানুষের আমানত ও দায়িত্বের জায়গা।
জনগণ দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে তা পালনের চেষ্টা করবেন। উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে এবং কোনো এলাকাকে উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হবে না। তিনি পেকুয়াকে মাদকমুক্ত, শিক্ষিত, কর্মমুখী, স্বনির্ভর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।