দুর্যোগের ক্ষতি কমাতে নওগাঁয় সচেতনতামূলক কর্মসূচি


admin - প্রিন্ট সংস্করণ - আপডেট - 13 October, 2026 9:18
দুর্যোগের ক্ষতি কমাতে নওগাঁয় সচেতনতামূলক কর্মসূচি

মোসফিকা আক্তার,নওগাঁ 

দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিনির্বাপণ পদ্ধতি, বাসাবাড়িতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল তুলে ধরা হয়।

এসব মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও নিরাপদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।

পরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোচনায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, নিয়মিত প্রশিক্ষণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানো গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।