
মোসফিকা আক্তার, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাগল চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় চোরাই ছাগল উদ্ধারে তৎপরতা শুরু করে পত্নীতলা থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজনের সক্রিয় সহযোগিতায় ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকার রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)। পরে আটক ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করা হয়।
একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের আটকের ঘটনায় স্থানীয়ভাবে পুলিশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।